ইরানের বিরুদ্ধে হা’মলায় অংশ নেবে না রোম, জানালেন মেলোনি

ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দেশটির এই অবস্থান আবারও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
বুধবার (৮ জুলাই) আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি বলেন, ইরান ইস্যুতে ইতালির অবস্থান শুরু থেকেই পরিষ্কার। দেশটি কোনো হামলা বা সামরিক অভিযানে সরাসরি অংশ নেবে না।
তিনি বলেন, ‘সংঘাত শুরুর পর থেকেই আমাদের অবস্থান স্পষ্ট। আমরা ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেব না’।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগের মধ্যে ইতালির প্রধানমন্ত্রী এ মন্তব্য করলেন।
এর আগে চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যগামী মার্কিন সামরিক বিমানকে সিসিলির সিগোনেলা বিমানঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি। ওই সিদ্ধান্তের মাধ্যমে রোম ইরান সংকটে সরাসরি সামরিক সম্পৃক্ততা এড়িয়ে চলার অবস্থানও তুলে ধরেছিল।
ইতালি বরাবরই কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়ে আসছে এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে সংলাপের পথ অনুসরণের পক্ষে অবস্থান জানিয়েছে।



